টাঙ্গাইলের যৌনপল্লি থেকে উচ্ছেদকৃত এক যৌনকর্মী অভিযোগ করেছেন, টাঙ্গাইলের পৌর মেয়র ও তার গুণ্ডারা যৌনপল্লি উচ্ছেদ করেছে। ঘর ভেঙে ফেলেছে। লুটপাট করেছে। আমরাই তো মেয়র নির্বাচন করেছি। এখন আমরা হয়ে গেছি ডাস্টবিনের ময়লা। ভোট নেওয়ার সময় আমরা মানুষ। ভোট শেষে নোংরা।
আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্ক আয়োজিত মানববন্ধনে ওই নারী এ অভিযোগ করেন।
তবে এ অভিযোগ প্রসঙ্গে পৌর মেয়র শহীদুর রহমান খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি ভাষাহীন। আমি কল্পনাও করতে পারি না কেউ আমার বিরুদ্ধে এই অভিযোগ তুলতে পারে।’
সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্ক আয়োজিত ওই মানববন্ধনে আজ সংগঠনটির সাবেক সভানেত্রী শাহনাজ বেগম বলেন, ‘কেবল জমির লোভে ২০০ বছরের পুরোনো যৌনপল্লি উচ্ছেদ করা হয়েছে। যৌনকর্মীদের টাকায় কেনা জমি থেকে তাঁদের নোটিশ ছাড়া উচ্ছেদ করা হয়েছে। মানুষ হিসেবে আমাদের তো অধিকার আছে।’ তিনি বলেন, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করলে ঘরে ঘরে যৌনপল্লি তৈরি হবে।
সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্কের সহসভানেত্রী চুমকি বেগম বলেন, ‘টাঙ্গাইলের যৌনপল্লিতে বসবাসরত ১৮০০ নারী ও তাদের সন্তানেরা কোথায় গেছে? সামনে ঈদ। এ সময় এত মানুষকে গৃহছাড়া করে দেওয়া মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন।’
ঢাকা, ২০ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





