রাজশাহী নগরীতে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে পুলিশ ও জামায়াত-শিবির কর্মীদের মধ্যে সংঘর্ষ চলছে।
বুধবার দুপুরে নগরীর হেতেম খাঁ এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা নগরীর গ্রেটার রোড, উপশহরসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনও খবর এখনো পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, নগরীর হেতেম খাঁ এলাকায় নিজামীর গায়েবানা জানাজার আয়োজন করা হয়। জোহরের নামাজের পর জামায়াত-শিবিরের নেতাকর্মীরা জানাজায় অংশ নিতে জড়ো হতে থাকে।
এসময় বিশৃঙ্খল পরিস্থিতি এড়ানোর জন্য পুলিশ ওই এলাকা ঘিরে রাখে। এ নিয়ে জামায়াত-শিবির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। এরপর উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পুলিশ এসময় রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
পরে সংঘর্ষ নগরীর গ্রেটার রোড, উপশহরসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালীন সময়ে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় সব ধরনের যানবাহন চলাচল।
এমবি





