সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় শুক্রবার ছাত্রদলের দু'পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশি অ্যাসল্ট মামলা দায়ের করা হয়েছে। মামলায় সিলেট জেলা ও মহানগর ছাত্রদল সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৭০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। মামলার প্রেক্ষিতে ছাত্রদলের ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে সিলেট কোতোয়ালি থানার এসআই কামাল হোসেন বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।
পুলিশি অ্যাসল্ট মামলায় সিলেট জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদ, সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না, মহানগর সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লোকমান, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আহমেদ চৌধুরী ফয়েজ, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মাহফুজুল করীম জেহীন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি চৌধুরী মোহাম্মদ সুহেল, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ফখরুল ইসলাম, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব চৌধুরী, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, জেলার সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, ছাত্রদল নেতা শাকিল মুর্শেদ, রেজাউল করিম, উমেদুর রহমার উমেদসহ ৩০ জনের নাম উল্লেখ করে এবং আরো ৩০-৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
শনিবার দুপুরে কোতোয়ালি থানার ডিউটি অফিসার এসআই হালিমা আক্তার জানান, নওরোজ, বাচ্চু, এবাদুর রহমান ও রাজীবকে ওই মামলায় রাত ৩টায় আটক করা হয়েছে।
মামলার সত্যতা স্বীকার করে সিলেট কোতোয়ালি থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। ইতিমধ্যেই ৪ জনকে আটক করা হয়েছে।
কেএইচ





