সড়কে ট্রাক ও কাভার্ডভ্যান থামিয়ে কাগজপত্র পরীক্ষা না করার নির্দেশনা দিয়েছেন পুলিশের আইজিপি একেএম শহীদুল হক। তবে গাড়ির যাত্রা শুরু এবং শেষ টার্মিনালে বা গন্তব্যে কাগজ পরীক্ষা করা যাবে।শনিবার ‘বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান-ট্রাক-লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ’ ও ‘বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময়কালে আইজিপি এ নির্দেশনা দেন।
পুলিশ সদর দফতরে অনুষ্ঠিত সভায় মালিক-শ্রমিক নেতারা পুলিশি হয়রানির নানা অভিযোগ তুলে ধরেন। বৈধ কাগজপত্র থাকার পরও মামলা দেয়া, সড়কে অহেতুক অতিরিক্ত তল্লাশি, অতিরিক্ত রেকার ফি আদায় এবং চালকদের সঙ্গে খারাপ ব্যবহার বন্ধের অনুরোধ জানান তারা।
এ সময় সব ধরনের হয়রানি বন্ধ হওয়ার আশ্বাস দিয়ে আইজি উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘পণ্য পরিবহন স্বাভাবিক রাখতে হলে পথে কাউকে হয়রানি করা যাবে না। কোনো পুলিশ সদস্যদের বিরুদ্ধে মহাসড়কে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। মালিক-শ্রমিক সমস্যা সমাধানে পরিবহন সেক্টরে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদারের কোনো বিকল্প নেই।’
একইসঙ্গে ফিটনেসবিহীন ও বৈধ কাগজ ছাড়া মহাসড়কে গাড়ি না চালাতে মালিক-শ্রমিক নেতাদের প্রতি আহ্বান জানান। এছাড়া গাড়িতে নির্দিষ্ট ওজনের বেশি পণ্য পরিবহন না করা, ট্রাফিক আইন মেনে চলা ও হাইড্রোলিক হর্ন ব্যবহার না করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশনস) মো. মোখলেসুর রহমান, অতিরিক্ত আইজি মো. নওশের আলী, ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম, ডিআইজি (প্রশাসন) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিআইজি (অপারেশনস) ব্যারিস্টার মাহবুবুর রহমান, ডিআইজি হাইওয়ে মো. আতিকুল ইসলাম, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লা জেলার পুলিশ সুপারসহ ডিএমপির ট্রাফিক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে মালিক-শ্রমিক প্রতিনিধিদের মধ্যে হোসেন আহম্মদ মজুমদার, আবুল কাশেম, হাজী তোফাজ্জল হোসেন মজুমদার, মকবুল আহাম্মদ, আবু মোজাফফর, আবদুল মোতালেব প্রমুখ বক্তব্য রাখেন।
এমএ





