কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ধান ব্যবসায়ী আছির উদ্দিন মারা গেছেন। মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর সড়কের নিমতলায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বিকেলে দৌলতপুর থেকে ধানবোঝায় একটি নছিমন ওই স্থানে এলে সামনের চাকা ভেঙে যায়। নছিমনের ওপরে থাকা ধান ব্যবসায়ী আছির উদ্দিন রাস্তার ওপরে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত লাগে।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় আছির উদ্দিনের মৃত্যু হয়।
আছির উদ্দিন দৌলতপুর উপজেলার নজিরপুর গ্রামের মৃত আবুল বিশ্বাসের ছেলে।
এদিকে, দৌলতপুর উপজেলায় ট্রাকচাপায় এক বৃদ্ধ মারা গেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আল্লারদর্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিমেন্টবোঝাই একটি ট্রাক (খুলনা মেট্রো উ-১১-০০৭৮) আল্লারদর্গা বাজারে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা পথচারী রেনিস আলীকে ট্রাকটি ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহী কেরামত আলীকে ধাক্কা দেয়।
এ সময় বৃদ্ধ কেরামত আলী ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান এবং রেনিস আলী গুরুতর আহত হন। স্থানীয়রা আহত রেনিস আলীকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
নিহত কেরামত আলী উপজেলার আমদহ গ্রামের মৃত আলীজানের ছেলে।
এমকে





