যশোরের বাঘারপাড়ায় রবিবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গুলিতে করিম নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছে।

এ ছাড়া আটক করা হয়েছে আহত করিমসহ ৭ জনকে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি, দুটি বোমা, ছোরা, শাবলসহ ডাকাতির জন্য ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। পুলিশ গুরুতর আহতাবস্থায় ডাকাত করিমকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

বাঘারপাড়া থানার ওসি কাইয়ুম আলী শিকদার বলেন, ‘একদল ডাকাত উপজেলার চাড়াভিটা বাজারের একটি সোনার দোকানে ডাকাতির জন্য মাহমুদপুর মিরবাড়ী ফাজিল মাদ্রাসার পাশে প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে আমার নেতৃত্বে একদল পুলিশ রাত সাড়ে ৯টার দিকে মাহমুদপুরে অভিযান চালায়। ঘটনাস্থলে ডাকাত সদস্যরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশ চার রাউন্ড গুলি ছোড়ে। এতে করিম ডাকাত পায়ে গুলিবিদ্ধ হয়। এ ছাড়া ধাওয়া করে করিম ডাকাতসহ ৭ জনকে আটক করা হয়।’

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি, দুটি বোমা, ছোরা, শাবলসহ ডাকাতির জন্য ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আহত ডাকাত করিমকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ