কেন্দ্রীয় বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে বরিশাল-ঢাকা রুটে সোমবার সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের ইচলাদিতে হানিফ পরিবহনের বাস চাপায় নিহত, আহত এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় হানিফ পরিবহনের কাছে সাড়ে ১৬ লাখ টাকার ক্ষতিপূরণ ধার্য্য করার প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেয়া হয়।

হানিফ পরিবহনের বরিশাল নতুল্লাবাদ বাসস্ট্যান্ডের কাউন্টার ম্যানেজার মো. সোহেল জানান, বরিশাল থেকে ঢাকা রুটের সব দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে এ রুটে হানিফ পরিবহনের কোনো গাড়ি ছেড়ে যায়নি।

এর আগে বরিশাল সার্কিট হাউসে অনুষ্ঠিত সভায় হানিফ পরিবহনের চাকায় পিষ্ট হয়ে নিহতদের প্রতি পরিবারকে ৬০ হাজার, আহত ২২ জনের প্রত্যেককে ২৫ হাজার, ক্ষতিগ্রস্ত মিশুক মালিক ৮ জনের প্রত্যেককে ৪০ হাজার টাকা দেয়ার প্রস্তাব করা হয়।

এছাড়া ২টি অটোরিকশার জন্য ১৫ হাজার করে, ২টি রিকশার জন্য ১০ হাজার টাকা করে, ক্ষতিগ্রস্ত ৮ দোকানীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে এবং চিকিৎসাধীন অবস্থায় মৃত রিকশাচালক আলমগীর হোসেনের চিকিৎসার বকেয়া ও মরদেহ আনার জন্য ৩০ হাজার টাকা মিলিয়ে ১৬ লাখ ৫০ হাজার টাকা ধার্য্য করা হয়।

ওই সভায়ই হানিফ পরিবহনের পক্ষ থেকে ক্ষতিপূরণের টাকা কমানোর দাবি করা হলেও তা উপেক্ষিত হয়। পরে হানিফ পরিবহনের পক্ষ থেকে রোববার সিদ্ধান্ত জানানোর কথা বলা হয়।

সে অনুযায়ী রোববার ঢাকার গাবতলীতে বাংলাদেশ বাস ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন এবং ঢাকা আন্তঃজেলা শ্রমিক ইউনিয়ন যৌথ সভা করে সোমবার ২৪ ঘণ্টার জন্য পরিবহন ধর্মঘট ঘোষণা করে।

ঢাকা, ২১ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ