সুনামগঞ্জসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া সলেটের হাওর অঞ্চলে অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

আজ শনিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও নেত্রকোনা এই সাত জেলার ১.৯৯ মিলিয়ন হেক্টর ভূমির ৪৩ শতাংশ হাওর অঞ্চল। প্রতিবছর বাংলাদেশের প্রায় ২০ শতাংশ ধান এ অঞ্চলে উৎপন্ন হয়। এবার ফসল ওঠার ২-৩ সপ্তাহ আগে টানাবর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে দুই লক্ষাধিক হেক্টর জমির কাঁচা ও আধাপাকা ধান তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যার আর্থিক মূল্য প্রায় ২ হজার কোটি টাকা। এতে স্থানীয় কৃষকরা পুঁজি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

নেতৃদ্বয় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষয়ক্ষতি নিরূপণ করে সরাসরি তাদের সহায়তা, হাওর অঞ্চলের দুর্যোগ নিয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জবাবদিহিতা ও বিচারের আওতায় আনা, আগাম বন্যার পানির পরিমাণ নিরূপণ করে উপযোগী প্রশস্ত বাঁধ নির্মাণ করা ও বাঁধ এলাকার ভেতরে আগাম জাতের ধান চাষ বাধ্যতামূলক করার দাবি জানান।

নেতৃদ্বয় এছাড়াও হাওরের স্বাভাবিক পানি প্রবাহ যাতে কোনোরকম ক্ষতিগ্রস্ত না হয় সে সকল কার্যক্রম পরিহার করার দাবি জানান।

নেতৃদ্বয় আরো বলেন হাওর অঞ্চলের কৃষকদের অসহায় পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশ ন্যাপ'র বৃহত্তর সিলেটের সকল স্তরের নেতা-কর্মীসহ সামর্থবাণ মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেবার আহ্বান জানান।

টাইমনিউজবিডি.নেট/মাহমুদ