নাটোরের বড়াইগ্রামে একটি অটোরাইস মিলে দু’গ্রুপের সংঘর্ষে সাকিব (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। উপজেলার গড়মাটি এলাকায় মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শ্রমিক নিয়োগে গড়মাটি কলোনিপাড়া ও গড়মাটি গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। সকালে গড়মাটি গ্রামের শ্রমিকরা রশিদ অটোরাইস মিলে কাজ করতে গেলে কলোনি পাড়ার শ্রমিকরা তাদের মিল থেকে বের করে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে গড়মাটি গ্রামের শ্রমিকরা মিলের সামনে অবস্থান নেয়। এ সময় কলোনিপাড়ার শ্রমিকরাও মুখোমুখি অবস্থান নিলে সংঘর্ষ হয়। উভয়পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে তিনজন আহত হন।

আহতদের মধ্যে গড়মাটি গ্রামের সাকিব ও সাইফুদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাকিব মারা যান। সাইফুদ্দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অপর আহত সুমনকে বনপাড়ার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

এএইচ