বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগর সভাপতি মিজানুর রহমান মিনু রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন রয়েছেন। তবে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তাকে রামেক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন।

রামেক হাসপাতালের হৃদরোগ বিভাগের চিকিৎসক ডা. আবদুল খালেক জানান, তার অবস্থা আশঙ্কাজনক নয়। তাকে আইসিইউতে রাখা হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম রফিকুল ইসলাম জানান, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে মিনু অসুস্থ হতে পারেন। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে ভয়ের কিছু নেই।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপার শফিকুল ইসলাম জানান, মিজানুর রহমান মিনুকে দাঁতের চিকিৎসার জন্য সকালে কারাগার থেকে হাসপাতালের বহির্বিভাগে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন সময়ে মিনু বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে জরুরিভাবে রামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

এদিকে দুপুরে হাসপাতালের আইসিইউতে যান বিএনপি নেতা মিনুর স্ত্রী সালমা শাহাদত। সেখানে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং স্বামীর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন।

পরে তিনি সাংবাদিকদের জানান, বিএনপি নেতা মিনুর শারীরিক অবস্থা ভালো। তবে তাকে প্যাথেডিন ইনজেকশন দেওয়ায় তিনি শুয়ে রয়েছেন। বিকেলে মেডিকেলের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম গঠন করে পরবর্তী চিকিৎসা দেওয়া হবে।

অন্যদিকে বিএনপি নেতা মিনু অসুস্থ হয়ে পড়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা বিএনপির সহ-সভাপতি আবু সাইদ চাঁদসহ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

নাশকতার অভিযোগে পুলিশের দায়ের করা সাত মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু কারাগারে বন্দী ছিলেন। গত ১৩ জুলাই দুপুরে আদালতে আত্মসমর্পণ করেন তিনি। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

জেআই