সরকার বিরোধী জোটের টানা ৩৬ ঘণ্টার হরতালে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১০ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ৮টা থেকে বিভিন্ন স্থানে টহল দিতে শুরু করেছেন বিজিবি জওয়ানরা। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা তথ্যটি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, 'হরতালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর বিভিন্ন স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ এলাকায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রাত সাড়ে ৮টা থেকে তারা কাজ শুরু করে দিয়েছেন।'

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জামায়াত ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদাণ্ডাদেশের প্রতিবাদে রোববার হরতাল ডেকেছে দলটি।


একই সঙ্গে বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে দিয়ে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের দাবিতে সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।


হরতালে রাজধানীতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতেই পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিজিবিও মাঠে থাকবে।

ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিইজবিডি.কম, কেএ