বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, 'অপকর্ম করবেন না, অপকর্ম করলে ভবিষ্যতে মনোনয়ন পাওয়া কঠিন হবে। ক্ষমতার দাপট দেখাবেন না, এটা বেশি দিন টিকে না।’ ‘মানুষের মনে কষ্ট দেবেন না। ক্ষমতা চলে গেলে মানুষ তখন ব্যালটের মাধ্যমে জবাব দেবে। আপনারা ক্ষমতায় আছেন, তাই ভয়ে কেউ কিছু বলে না। ’

আজ বুধবার বিকেলে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ ২২ জন কেন্দ্রীয় নেতা সেখানে উপস্থিত ছিলেন। তাঁদের সংবর্ধিত করতে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ এ সংবর্ধনা ও জনসভার আয়োজন করে। সেখানে বিশাল জনসভায় অতিথিরা বক্তব্য দেন।
জেলা আওয়ামী লীগের নেতারা ওবায়দুল কাদেরের হাতে ফুল ও একটি সম্মাননা ক্রেস্ট দেন।

জনসভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘দশটা ভালো উন্নয়ন হলে, এর মধ্যে দুটি খারাপ করলে সব উন্নয়ন ম্লান হয়ে যাবে। ফুল, ব্যানার ও কাগজে নাম লিখবেন না, হৃদয়ে নাম লেখেন, সেটা রয়ে যাবে।’

তিনি বলেন, ‘নেত্রীর বার্তা নিয়ে এসেছি, যে কলহ করবে, বিবাদ করবে, তার দলে থাকার কোনো দরকার নেই।’

নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘বসন্তের কোকিল ও মৌসু​মি পাখিরা ভালো ও সংশোধন হয়ে যান, মাফ করে দেব।’
বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে নিয়ে ভাববেন না। বিএনপি হলো বাংলাদেশ নালিশ পার্টি। তাদের কর্মসূচি হলো নালিশ করা। যাদের নিজের দেশের জনগণের প্রতি আস্থা নেই, তারা বিদেশের দিকে তাকিয়ে থাকে।

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দীন খানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাংসদ মাহবুব উল আলম হানিফ। বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, আবদুর রহমান, কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ।

জারিফ