শরীয়তপুরের নড়িয়ায় মায়ের হাতে তার মাদকাসক্ত ছেলে জাকির হোসেন (২৫) খুন হয়েছে। এ ঘটনায় মা ছালেহা বেগমকে (৫০) আটক করেছে পুলিশ।
সোমবার সকাল ৯টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নড়িয়া থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়িয়া উপজেলার দক্ষিণ কেদারপুর গ্রামের মৃত সিরাজ মাতবরের মাদকাসক্ত ছেলে জাকির তার মার কাছে মোটরসাইকেল কেনার জন্য আড়াই লাখ টাকা দাবি করে।
টাকা না দিলে মাকে খুন করবে বলে হুমকি দেয় সে। মাদকাসক্ত ছেলের হুমকি ও বিভিন্ন সময় মারধর করার যন্ত্রণা সইতে না পেরে রোববার ভোরে ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যা করে ঘর তালাবদ্ধ করে রাখে মা।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত ১১টার দিকে নড়িয়া থানা পুলিশ ঘরের তালা ভেঙে লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে ছালেহা বেগমকে আটক করে পুলিশ।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মিয়া বলেন, ‘রোববার রাতে কেদারপুর নিজ বাড়ি থেকে জাকিরের লাশ উদ্ধার করি।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় তার মা ছালেহা বেগমকে আটক করা হয়েছে। আজ সকালে লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।’
এমকে





