বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ফেনীর পরশুরাম উপজেলার ঘাটঘর এলাকায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
নাম উল্লেখ না করে একটি রাজনৈতিক দলের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘দয়া করে আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিহত করুন।’
তারেক রহমানের অভিযোগ, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ডের কারণে দেশের উন্নয়ন ব্যাহত হলে সংশ্লিষ্টদেরই এর দায় নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
একই বক্তব্যে তিনি একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিয়ে আরও অভিযোগ করেন। তাঁর ভাষ্য, দলটির নেতাকর্মীদের কর্মকাণ্ডের কারণে শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। উপস্থিত নেতাকর্মী ও জনতার উদ্দেশে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন এবং সংশ্লিষ্টদের কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান।
অনুষ্ঠানে দেশের স্বাস্থ্যসেবা নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বর্তমান সরকারের পাঁচ বছরের মেয়াদে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এসব স্বাস্থ্যকেন্দ্রে কিডনি রোগীদের ডায়ালিসিসের ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।
কৃষকদের জন্য নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকার গঠনের পর ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এতে সরকারের প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা ব্যয় হলেও ১৩ লাখ কৃষক উপকৃত হয়েছেন বলে দাবি করেন তিনি।
বিএনপি সরকারের রাজনৈতিক অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছর জনগণের অধিকার ও কণ্ঠ রুদ্ধ ছিল। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় এসে সেই অধিকার ফিরিয়ে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
মুহুরী-কহুয়া প্রকল্পের সুফল তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষ বন্যার ঝুঁকি থেকে সুরক্ষা পাবে। পাশাপাশি নতুন করে প্রায় ৩৪ হাজার হেক্টর জমি চাষাবাদের আওতায় আসবে।
প্রকল্পের ফলে কৃষি উৎপাদন বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি। তাঁর মতে, এতে প্রায় এক লাখ মেট্রিক টন অতিরিক্ত ফসল উৎপাদনের সুযোগ তৈরি হবে এবং কৃষিপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়তে পারে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানিসম্পদমন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু বক্তব্য দেন।
এর আগে বৃষ্টির মধ্যেই পরশুরামের ঘাটঘর এলাকায় পৌঁছে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দুপুর সোয়া ২টার দিকে তিনি সেখানে পৌঁছান।
পরশুরামের কর্মসূচি শেষে ফুলগাজীতে যান তারেক রহমান। সেখানে সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ, ইমাম ও পুরোহিতদের ভাতা প্রদান এবং ২৪৯ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
এস











