বৃহস্পতিবার (১ অক্টোবর) বঙ্গভবনে ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, বর্তমান সময়ের চাহিদা বিবেচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), লাইফ সায়েন্স, এগ্রো টেকনোলজি ও নার্সিংসহ বিভিন্ন কর্মমুখী বিষয়ে শিক্ষার্থীদের পাঠদানে গুরুত্ব দিচ্ছে বিশ্ববিদ্যালয়টি।

এ সময় রাষ্ট্রপতি দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের শিক্ষার মান আরও উন্নত করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার পরিধি বাড়ানোর তাগিদ দেন তিনি।

বিদেশে বিভিন্ন ক্ষেত্রে ভালো করা বাংলাদেশিদের জাতীয় পর্যায়ে স্বীকৃতি দেওয়ার প্রয়োজনীয়তার কথাও বলেন রাষ্ট্রপতি। তাঁর মতে, পুরোনো চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে আধুনিক, যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে দ্রুত নীতি প্রণয়ন করা প্রয়োজন।

রাষ্ট্রপতি বলেন, শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করলে তাদের কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি নতুন প্রজন্মও উৎসাহিত হবে।

সাক্ষাৎকালে ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে চ্যান্সেলর হিসেবে রাষ্ট্রপতিকে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রপতির সচিবগণ এবং ব্র্যাক ইউনিভার্সিটির প্রো-ভিসি, ট্রেজারার ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।

এস