বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

নিহত যুবককে হাসপাতালে নিয়ে আসা পথচারী ফয়েজ জানান, ঘটনার সময় তিনি রেললাইনের পাশ দিয়ে যাচ্ছিলেন। কিছু দূর সামনে মানুষের ভিড় দেখতে পেয়ে সেখানে গিয়ে তিনি ওই যুবককে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

ফয়েজের ভাষ্য, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তিনি জানতে পারেন, কয়েকজন ছিনতাইকারী ওই যুবকের মালামাল ছিনিয়ে নেওয়ার পর তার সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা তাকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

আরও পড়ুন: কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

পরে স্থানীয়দের সহায়তায় আহত যুবককে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তায় নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

এমএম