স্পিকারকে দেওয়া চিঠিতে মিষ্টি জানিয়েছেন, তিনি নিজের সিদ্ধান্তেই সংরক্ষিত নারী আসনের সদস্য পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।

পদত্যাগপত্রে তিনি লেখেন, ‘আমি নিম্ন স্বাক্ষরকারী ফেরদৌসী আহমেদ, ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন) হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমি সম্পূর্ণ সজ্ঞানে ও স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য (সংরক্ষিত মহিলা আসন-২৩) পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।’

চিঠির শেষাংশে তিনি পদত্যাগপত্র গ্রহণ করে তা কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পিকারের প্রতি অনুরোধ জানান।

পদত্যাগপত্র জমা দিতে বৃহস্পতিবার দুপুরে সংসদ ভবনে যান মিষ্টি। সেখানে প্রায় ১৫ মিনিট অবস্থান করেন তিনি। সংসদে প্রবেশের সময় তার হাতে একটি ফাইল ছিল। পরে বের হওয়ার সময় তার হাতে কোনো ফাইল দেখা যায়নি।

স্পিকারের সঙ্গে সাক্ষাতের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিষ্টি বলেন, ‘আমাকে স্পিকার ডেকেছেন, তার সঙ্গে দেখা করেছি। আমি স্পিকারের সঙ্গে দেখা করে কথা বলেছি।’

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর মিষ্টির পদত্যাগের বিষয়টি সামনে আসে। ২৪ সেপ্টেম্বর রাতে ওই স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনা ঘটে। এরপর দলীয় পর্যায়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আলোচনা শুরু হয়।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সংরক্ষিত নারী আসনের এমপি পদ থেকে পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।

এস