কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলামুর রহমানের নেতৃত্বে এ কমিটি গঠন করা হয়।
জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল জানান, কিছু দিন আগে যারা দেশে নাশকতা চালিয়েছে তারাই এ কাজ করতে পারে। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। পুলিশ, র্যাব ও যৌথ বাহিনীর সমন্বয়ে অপরাধীদের ধরতে অভিযান চালানো হবে।
মঙ্গলবার রাত ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের উপদেষ্টা অঞ্জন কুমার দেবনাথসহ ৭ জন দগ্ধ হন।
এদিকে পবিত্র শবে বরাতের রাতে এ নাশকতার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী বলেন, কারা, কি কারণে গাড়িতে হামলা করেছে তা বলা যাচ্ছে না। গাড়িটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে।
এমকে





