ঝিনাইদহের মহেশপুরের গরু ব্যবসায়ী হাশেম মন্ডল হত্যা মামলার পলাতক আসামি আসাদ আলীর (২২) লাশ উদ্ধার করেছে ভারতের হাঁসখালী থানা পুলিশ।

বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

আসাদ মহেশপুর উপজেলার কাজীরবেড় গ্রামের আকবর আলীর ছেলে। মহেশপুর বিজিবি ৫৮ ব্যাটেলিয়ানের পরিচালক ল্যা: কর্নেল তাজুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বিপ্লব জানান, মহেশপুরের বাঘাডাঙ্গা বিওপি থেকে দুই কিলোমিটার ভারতের অভ্যন্তরে কুলগাছি গ্রামে আসাদ আলী গত ৬ মাস ধরে আত্মগোপন করেছিল। ২০১৫ সালের ৩ জুলাই রাতে সীমান্তের ইছামতি নদীর ধারে দুইদল গরু পাচারকারীর মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সংঘর্ষে মহেশপুরের পলিয়ানপুর গ্রামের বাদল মন্ডলের ছেলে হাশেম মন্ডল (২৫) ছুরিকাঘাতে খুন হন।

এ মামলার পলাতক আসামীদের মধ্যে অন্যতম ছিলেন আসাদ। ওসি আরো জানান, পলাতক অবস্থায় ভারতের কুলগাছি গ্রামে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সে মৃত্যুবরণ করেছে বলে তারা জানতে পেরেছেন।

বৃহস্পতিবার বিকালে মহেশপুর বিজিবি ৫৮ ব্যাটেলিয়ানের পরিচালক জসিম উদ্দীন বিভিন্ন সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমকে জানান, সকাল সাড়ে ৯ টার দিকে ভারতের কুলগাছি গ্রামে আসাদ নামের এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার করেছে ভারতের হাঁসখালী থানা পুলিশ। তবে বিএসএফ এর পক্ষ থেকে বিজিবিকে কিছুই জানানো হয়নি বলে তিনি জানান।

এ বিষয়ে মহেশপুর সীমান্তের বাঘাডাঙ্গা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার নুরুল আমীন জানান আসাদের লাশ ফেরত পাওয়ার জন্য তার পিতা একটি লিখিত আবেদন করেছেন। তবে প্রতিপক্ষ বিএসএফ এর চিঠি পাওয়ার পরে সে বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

তিনি জানান, সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে।

এমএম