মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের দুই কৃতি শিক্ষার্থী মামুন ও আসিফ নিহত হয়েছে। এ ঘটনায় সন্ধ্যার পর ঢাকা ময়মনসিংহ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ক্ষুব্ধ ছাত্ররা মহাসড়ক অবরোধ করে বেশ কিছু যানবাহন ভাংচুর চালায়। এ ঘটনায় ক্যাম্পাস জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মোটরসাইকেল যোগে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের ছাত্র মামুন ও আসিফ মহাসড়কে উঠে যায়।
এ সময় ঢাকা থেকে নেত্রকোনা রুটে চলাচলকারী শাহজালাল এক্সপ্রেস নামে বাসটি রাস্তার ওপর তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মামুনুর রশীদ(২৫) মারা যায়।
দ্রুতগতি সম্পন্ন বাসটি এক পর্যায়ে সড়কের ডিভাইডারের ওপর উঠে যায়। পরে স্থানীয় লোকজন আসিফকে উদ্ধার করে দ্রুত ময়মনিংস হাসপাতালে পাঠায়। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুজন শিক্ষার্থীর মৃত্যুর সংবাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ ছাত্ররা বাসটিসহ সড়কে চলাচলকারী বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে।
এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ ছিল।
এসএইচ





