গাজীপুরে বিরোধপূর্ণ জমিতে ধান কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে বাবা গিয়াস উদ্দিনকে (৬৫) পিটিয়ে হত্যা ও তার ছেলে ফাইজুদ্দিনকে কুপিয়ে জখম করা হয়েছে।
নিহত গিয়াস উদ্দিন গাজীপুরের সিংড়াতলী এলাকার মৃত হাসান উদ্দিনের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
রোববার (১৭ এপ্রিল) দুপুরে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের সিংড়াতলী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ গিয়াস উদ্দিনের ভাতিজা আতাব উদ্দিনকে (৩৫) আটক করেছে।
জয়দেবপুর থানাধীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক ভূঁইয়া জানান, কয়েকদিন আগে ভাতিজাদের সঙ্গে বিরোধপূর্ণ একটি জমিতে ধান রোপন করেন গিয়াস উদ্দিন। রোববার বিকেলে তার ভাতিজা আতাব উদ্দিন ওই জমির ধান কাটতে যান।
খবর পেয়ে গিয়াস উদ্দিনের ছেলে ফাইজুদ্দিন গিয়ে তাকে ধান কাটতে বাধা দেন। এ সময়ে আতাব উদ্দিন হাতে থাকা কাঁচি দিয়ে ফাইজুদ্দিনকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। খবর পেয়ে দু’পক্ষের লোকজন ছুটে এলে সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই গিয়াস উদ্দিনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রক্তমাখা কাঁচিটি উদ্ধার ও আতাব উদ্দিনকে আটক করা হয়েছে। স্বজনরা আহত ফাইজুদ্দিনকে প্রথমে গাজীপুর ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। রাত সাড়ে ৭টা পর্যন্ত এ ব্যাপারে কোনো মামলা হয়নি।
গিয়াস উদ্দিনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, জানান তিনি।
ওএফ





