সিলেট শহরের শাহি ঈদগাহ এলাকায় স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজের সিঁড়ির নিচে বোমাসদৃশ বস্তু থেকে কয়েক টুকরো কাগজ আর দুটি বিদ্যুতের তার পাওয়া গেছে।
ঢাকা থেকে আসা বম্ব ডিসপোজল ইউনিট আজ বুধবার সকালে বোমাসদৃশ বস্তুটির ভেতর থেকে কাগজ ও তার উদ্ধার করেন।
পরে গণমাধ্যমের কাছে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রিগেডিয়ার (অব.) জুবায়ের সিদ্দিকী বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থী এবাদুর রহমান কৌতূহল করে এই দুষ্টুমি করেছে। সে সবাইকে উদ্বিগ্ন করতে চেয়েছে। গতকাল রাতেই সে আমাদের কাছে বিষয়টি স্বীকার করেছে। এর সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক বা অন্য কোনো কিছুর সম্পর্ক নেই’।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে পাঁচতলা স্কুলভবনের সিঁড়ির নিচে বোমাসদৃশ বস্তু দেখতে পায় কর্তৃপক্ষ। পরে তারা বিষয়টি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) জানায়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শ্রেণিকক্ষ থেকে শিক্ষার্থীদের নিরাপদে বের করে এনেছে র্যাব।
র্যাব কর্মকর্তাদের ধারণা ছিল, এটা শক্তিশালী বোমা হতে পারে।
কলেজের অধ্যক্ষ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জুবায়ের সিদ্দিকী বলেন, ‘সকালে কলেজের পরিচ্ছন্নতাকর্মীরা বোমাটি দেখে আমাকে জানান। পরে আমি র্যাবকে অবগত করি।
এমই





