হঠাৎ সারাদেশে জেঁকে বসেছে কনকনে শীত। এর মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে নওগাঁয়।

আজ (১৬ জানুয়ারি) শনিবার জেলার বদলগাছি আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র অবজারভার হামিদুল হক এই তথ্য জানিয়েছেন।

হামিদুল হক জানান, সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.০ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল শুক্রবার নওগাঁয় ৬.৫ ডিগ্রি সেলসিয়াস যা কিনা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।

চলমান তীব্র শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা আর উত্তর থেকে আসা হিমেল বাতাসের কারণে মানুষের জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। হঠাৎ জেঁকে বসা কনকনে শীতে নাকাল হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষেরা। শীতের তীব্রতার সঙ্গে বয়ে যাওয়া হিমেল হাওয়ার কারণে ঘর থেকে বের হতে পারছে না তারা।

শীতের তীব্রতার কারণে অটোভ্যান, রিকশাসহ ছোট ছোট যানবাহনে উঠছে না যাত্রীরা। মাঠ-ঘাটে কাজে ফিরতে পারছে না দিনমজুররা। কমে গেছে আয়। প্রচণ্ড শীত আর ঘন কুয়াশায় জন-জীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে।

এমবি