জেলার বিভিন্ন স্থানে ঘূর্ণিঝড়ে বৈদ্যুতিক খুঁটি, জমির ফসল, গাছপালা এবং একটি স্কুল বিধ্বস্ত হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
শনিবার রাতে মুরাদনগর উপজেলার উত্তর সীমান্তবর্তী এলাকার উপর দিয়ে প্রবল ঝড় বয়ে যায়। হঠাৎ এ ঘূর্ণিঝড়ে আকবপুর ইউনিয়নের বলিঘর হুজুরী শাহ উচ্চ বিদ্যালয়টির ব্যাপক ক্ষতি হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হাক্কানী জানান, শনিবার রাত ১০টার দিকে হঠাৎ ঝড়ে একটি টিনসেড ঘর বিধ্বস্ত হয়। ঝড়ে বড় কয়েকটি গাছ ভেঙে স্কুলের উপর পড়লে একটি টিনসেড ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়।
স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য ডা. কবীর আহাম্মদ খন্দকার বলেন, ‘স্কুলটি রাতে বিধ্বস্ত হওয়াতে স্কুলের টুল-টেবিল দুমড়ে মুচড়ে গেলেও লোকজনের কোনো প্রকার ক্ষতি হয়নি।’
স্থানীয় অভিভাবক মহিউদ্দিন জানান, এ অবস্থায় ঘরটি মেরামত না করা পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হবে। তাই বিধ্বস্ত স্কুলটি দ্রুত সংস্কারের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদানের উপযোগী করার আহ্বান জানান তিনি।
এ ব্যাপারে স্কুলটির প্রতিষ্ঠাতা আলহাজ গোলাম কিবরিয়া সরকার বলেন, ‘স্কুলটি যেহেতু এমপিওভুক্ত তাই আমি আশা করবো সরকারিভাবে এটি সংস্কারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে। সরকারি উদ্যোগের পাশাপাশি এটি সংস্কারে প্রতিষ্ঠাতা হিসেব আমিও দৃষ্টি রাখবো।’
জেআই





