সীমান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাতক্ষীরায় স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্তে মঙ্গলবার দুপুরে বিজিবি এই মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় উপস্থিত ছিলেন বিজিবির যশোর আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাবিব, খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মিজান, সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজির আহমেদ বকশি।সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান গোলাম মোর্শেদ, ঘোনা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেন, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান প্রমুখ।

সভায় বিজিবির যশোর আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাবিব বলেন, সীমান্তে নারী ও শিশু পাচার রোধে জিরো টলারেন্স দেখানো হবে। দেশের ভাবমূর্তি ও স্বার্থ সংরক্ষণে সব কিছু করা হবে।

তিনি এসময় সীমান্তে চোরাচালান রোধে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন। বলেন, সীমান্তে অপরাধীদের তালিকা দিয়েছে বিএসএফ। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই