যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার সামনে ট্রাকচাপায় ইয়াসমিন বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।

এ ঘটনায় তার ছেলে রিফাত (৮) গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে ইয়াসমিন ও তার ছেলে রিফাত (৮) খুলনা থেকে ডাক্তার দেখিয়ে স্বামী মোতালেব হোসেনের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে নওয়াপাড়া পৌরসভার সামনে গতি নিয়ন্ত্রক (স্পিড ব্রেকার) পার হওয়ার সময় মোটরসাইকেল থেকে ইয়াসমিন ও রিফাত পড়ে যান। এ সময় পেছন থেকে আসা পণ্যবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট ১৬-৮২৯২) ইয়াসমিনকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যান তিনি।

পুলিশ জানান, পৌরসভার সামনে অবস্থিত স্পিড ব্রেকারটি যান চলাচলের জন্য অনুপযোগী। এ কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার পর ট্রাকচালক নাজিম আল মাহমুদ (৩৬) কে আটক করা হয়েছে বলে জানায়।

নিহত ইয়াসমিন অভয়নগর উপজেলার প্রেমবাগ গ্রামের মোতালেব হোসেনের স্ত্রী।

আটক ট্রাকচালক কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার গোপালনগর গ্রামের আজাহার আলীর ছেলে। এ ব্যাপারে মামলা হয়েছে থানায়।

এসএইচ