সিলেটে চলমান জঙ্গি অভিযানের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম টেলিফোন করেছেন।
আজ সোমবার সন্ধ্যায় বিনালি ইলদিরিম ফোনে শেখ হাসিনাকে সিলেটের ঘটনার নিন্দা জানিয়েছেন এবং হতাহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
আলাপকালে জঙ্গিবাদ দমনে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানা গেছে।
উল্লেখ্য, সিলেটের দক্ষিণ সুরমার আতিয়া মহলে জঙ্গি অভিযানের জন্য গত বৃহস্পতিবার রাত থেকে ঘিরে রাখা হয়েছে। শনিবার সন্ধ্যায় দুই দফা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ ৬জন নিহত এবং আরও ৪৪ জন আহত হয়েছেন।
গতকাল রবিবার আইএসপিআর এক ব্রিফিংয়ে জানিয়েছিল, ওই ভবনের নিচতলায় দু’জন মারা গেছেন।
এমবি





