চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূ ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে ‘উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম’ ও গ্রামবাসীর ব্যানারে মঙ্গলবার দুপুরে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন-ক্ষুদ্র নৃগোষ্ঠী নেতা অধ্যাপক যোগেন্দ্র নাথ সরেন, কর্নেলিউস মুরমু, রঞ্জনা বর্মণ ও স্টেফান সরেন।

বক্তারা অভিযোগ করেন, ওই গৃহবধূকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে পাশের আমবাগানে ধর্ষণ করা হয়। এসময় ওই গৃহবধূর শাশুড়ি ও ছেলে বাধা দিলে তাদেরও পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা হলেও আমাসীদের গ্রেফতার করা হচ্ছে না। তারা এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জোর দাবি জানান।

আসামিদের গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করা হবে।’

২৯ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আতাহার গ্রামের আরিফুল ইসলাম (৩০) ও জিয়ারুল ইসলাম (৩২) ওই গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় গৃহবধূর স্বামী বাড়িতে ছিলেন না। এ ঘটনায় ১ ডিসেম্বর থানায় মামলা দায়ের হয়।

জেআই