দেশের পানি সংকট নিরসনে দ্রুত তিস্তার পানি বণ্টন চুক্তি করতে ভারতের প্রতি তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সন্ধ্যার পর গণভবনে ভারতের পররাষ্ট্র ও উত্তর-পূর্ব ভারতের উন্নয়ন বিষয়ক দ্বায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ভি কে সিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী এ তাগিদ দেন।

তিনি বলেন, শুষ্ক মৌসুমে বাংলাদেশের আরো পানি দরকার। তাই যত দ্রুত সম্ভব তিস্তার পানি বণ্টন চুক্তি করে ফেলা উচিত। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান।

পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে তিস্তার পানি বণ্টন ও সীমান্তচুক্তির বাস্তবায়ন হবে বলেও বৈঠকে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় দুই প্রতিবেশী দেশের মধ্যে ওয়াটার প্রটোকল শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন ভারতের প্রতিমন্ত্রী।

এ নিয়ে আগামী নভেম্বরে দু’দেশের নৌপরিবহন সচিব পর্যায়ে বৈঠক হবে বলেও প্রধানমন্ত্রীকে জানান তিনি। বৈঠকে ট্রানজিট ইস্যু নিয়েও আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, ভারতের মধ্যদিয়ে ভুটান ও নেপালে বাংলাদেশকে ট্রানজিট সুবিধা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সরকারকে অনুরোধ করেন।

ভারতের ভূমি দিয়ে বাংলাদেশের ট্রানজিটের বিষয়ে ভারত সরকার সম্মত রয়েছে জানিয়ে ভিকে সিং বলেন, আমরা এটা দেবো।

বৈঠকে ভিকে সিং আশুগঞ্জ বন্দর ব্যবহার করে ভারতীয় জাহাজে ত্রিপুরায় চাল নিতে দেওয়ার অনুমতির জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

পণ্য পরিবহনের জন্য ভারত সরকার আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত ১১ কিলোমিটার রাস্তা করবে বলেও জানান ভারতের প্রতিমন্ত্রী।

বৈঠকে ভিকে সিং প্রধানমন্ত্রীকে বলেন, আমরা বাংলাদেশ ও উত্তর-পূর্ব ভারতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পরিবেশ সৃষ্টি করতে চাই।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর সম্পর্কে ভিকে সিং বলেন, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আগ্রহী এবং এটা যে কোনো সময় হতে পারে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা, ত্রিপুরার শিল্পমন্ত্রী তপন চক্রবর্তী, মেঘালয়ের সংসদীয় সচিব কেনেডি কাইরিয়েম, বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ শরণ, ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল মাতলুব আহমেদ প্রমুখ।

ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ