মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া অভিবাসী প্রত্যাশীদের মধ্যে ষষ্ঠ দফায় আরো ৭৩ বাংলাদেশিকে ফেরত আনা হচ্ছে সোমবার।
বিজিবির কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল এম. আনিসুর রহমান জানান, প্রাথমিকভাবে ১২ অক্টোবর ৭৩ বাংলাদেশিকে মিয়ানমার থেকে ফেরত আনার প্রক্রিয়া চূড়ান্ত রয়েছে।
সীমান্তের ঘুমধুম জিরো পয়েন্টের বিপরীতে মিয়ানমারের ঢেঁকিবনিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল ও মিয়ানমার ইমিগ্রেশন বিভাগের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে শনাক্ত হওয়া এ ৭৩ বাংলাদেশিদের ফেরত আনা হবে।
আর্ন্তজাতিক অভিবাসন সংস্থার ন্যাশনাল প্রোগাম কর্মকর্তা আসিফ মুনীর জানান, উদ্ধার হওয়ার অভিবাসীর মধ্যে মিয়ানমারে আরো ১৯১ জন বাংলাদেশি রয়েছে। তাদের মধ্যে ১২ অক্টোবর ৭৩ জন না হয়ে ফেরত আনা তালিকা আরো বাড়তে পারে।
এক্ষেত্রে ১০৫ জনও হতে পারে এ সংখ্যা। এদের মিয়ানমার থেকে ফেরত এসে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে রাখা হবে। ওখানে তাদের পুলিশের পক্ষে জিজ্ঞাসাবাদ ও তথ্য সংগ্রহ শেষে এদের হস্তান্তরের করা হবে।
এর আগে ৮ ও ১৯ জুন, ২২ জুলাই, ১০ ও ২৫ আগস্ট ৫ দফায় শনাক্ত হওয়া ৬২৬ জন বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে। গত ২১ মে ২০৮ জন ও ২৯ মে ৭২৭ জন অভিবাসী প্রত্যাশীকে মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার করেছিল সে দেশের নৌবাহিনী।
এরপর বাংলাদেশি হিসেবে দাবি করা তালিকা নিয়ে উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। ওই তালিকায় শনাক্ত হওয়া বাংলাদেশিদের পর্যায়ক্রমে ফেরত আনা হচ্ছে।
কেএইচ





