ইংরেজি নববর্ষ উদযাপনের সময়ে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দু'জন। কামরাঙ্গীরচর এবং মিরপুরের দারুসসালাম রোডে পৃথক দুর্ঘটনায় তারা নিহত হন। এর মধ্যে একজন নববর্ষ উদযাপন করতে যাচ্ছিলেন। আরেকজন অজ্ঞাতনাম।

উৎসবের প্রস্তুতিকালে সড়ক দুর্ঘটনায় নিহত হন দুলাল (২০) নামে কলম কারখানার এক কর্মচারী। রাত ১২টার দিকে কামরাঙ্গীরচরের রনি মার্কেটের পেছনে বাইসাইকেল আরোহী দুলালকে ধাক্কা দেয় একটি ট্রাক।

নিহত দুলালের বন্ধু আবুল হাসেম বলেন, আমরা দুজন বাইসাইকেলযোগে থার্টি ফার্স্ট পালন করব বলে সাউন্ড বক্স নিয়ে আজিমমপুরে যাচ্ছিলাম। কামরাঙ্গীরচরের রনি মার্কেটের কাছে পৌঁছালে ভীষণ যানজট দেখে আমি সাইকেল থেকে নেমে যাই। এ সময় একটি ট্রাক এসে দুলালের সাইকেলটিকে ধাক্কা দেয়।

গুরুতর আহত অবস্থায় দুলালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ছাড়া রাজধানীর দারুসসালাম রোডে নিহত হন অজ্ঞাত নামা এক ব্যক্তি। দারুসসালাম রোডে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় এক ব্যক্তি।

এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমএ