প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্থল সীমানা চুক্তি নিয়ে অন্য কোনো সরকার কথা বলেনি। ১৯৯৬ সালে প্রথম আমিই বিষয়টি তুলি। ২০১১ সালে ভারতের স্থল প্রটোকল চুক্তি হয়।

তিনি বলেন, ভারতের কাছ থেকে ফেনীতেও আমরা একটি অংশ পাই। যেটি বিএনপি নেত্রীর সংসদীয় এলাকার সঙ্গে যুক্ত হয়। আজ বাংলাদেশ লাভবান সেটি প্রমাণিত। আমরা অনেক জমি পেয়েছি।

শনিবার গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগদান করে শেখ হাসিনা এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনারা আমাদের ভোট দিয়ে আবারও ক্ষমতায় এনেছেন বলেই কাজটি করা সম্ভব হলো। আওয়ামী লীগ আবার ক্ষমতায় না এলে এটি হতো না।

শেখ হাসিনা বলেন, আমরা কৃষি ক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার শুরু করেছি। ছেলে-মেয়েরা যখন প্যান্টশার্ট পরে তখন কিন্তু ক্ষেতে যেতে যায় না।

তিনি বলেন, ছোটবেলা থেকেই সবাইকে শিক্ষা দিতে হবে তারা যেন ক্ষেতেও যায়, কিভাবে ধান লাগাতে হয় তা জানেত হবে।

এর আগে সকাল ১০টা ২৮ মিনিটে তিনি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বশেমুরকৃবি সিন্ডিকেট সদস্য জাহিদ আহসান রাসেল এমপি, কৃষিবিদ আবদুল মান্নান এমপি ও কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি।

প্রধানমন্ত্রী বশেমুরকৃবির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগদান শেষে বিভিন্ন স্থাপনা উদ্বোধন, নামফলক উন্মোচন এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এআর