যশোরে ইসলামী ছাত্রশিবিরের সভাপতি, সম্পাদকসহ বিএনপি-জামায়াতের ১৪ নেতাকর্মীসহ ৪৫ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার ৮টি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
যশোর জেলা পুলিশের মুখপাত্র এএসপি রেশমা শারমীন বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের মধ্যে বিএনপির আটজন, জামায়াতের একজন এবং শিবিরের চার নেতাকর্মী রয়েছে। বাকিরা বিভিন্ন মামলার আসামি।
এদিকে, যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) ইনামুল হক জানান, মঙ্গলবার রাত ৯টা থেকে যশোর শহরে তিনটি বাস পোড়ানোর ঘটনায় জেলা শিবিরের পূর্ব শাখার সভাপতি তাওহিদুল ইসলাম, পশ্চিম শাখার সাধারণ সম্পাদক রুহুল আমিন ও শহর শিবিরের প্রকাশনা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলামসহ চার ইসলামী শিবির নেতা, জামায়াত অফিস-সংলগ্ন আল হেলাল এতিমখানার শিক্ষক ও জামায়াত নেতা শিহাবউদ্দিন এবং বিএনপির তিন নেতাকর্মীকে আটক করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে মোটরসাইকেল, ল্যাপটপ, ক্যামেরা, কয়েকটি মোবাইল ফোন, ফেস্টুন ও কালো পতাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। বুধবার বিকালে তাদের যশোর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
কেএইচ





