টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা এলাকায় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় আম্বিয়া বেগম নামে এক নারী নিহত এবং ২৫ যাত্রী আহত হয়েছেন।
রবিবার সকাল সোয়া ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আম্বিয়া জামালাপুরের সরিষাবাড়ি উপজেলার সরিষাবাড়ি গ্রামের আব্দুল খালেকের স্ত্রী।
এলেঙ্গা পুলিশ ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, সকালে টাঙ্গাইল থেকে ঢাকাগামী ঝটিকা সোহাগ পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঘারিন্দা এলাকায় পৌঁছালে বাসের সামনের ডান পাশের একটি চাকা ফেটে যায়। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি মহাসড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই আম্বিয়ার মৃত্যু হয়। এসময় আহত হন চালকসহ ২৫ জন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
[b]ঢাকা, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]