ঢাকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ইন্সপেক্টরসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ অনুসন্ধানের লক্ষ্যে ইতোমধ্যেই কর্মকর্তা নিয়োগ দিয়েছে কমিশন।
ঢাকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ইন্সপেক্টর খন্দকার সানাউল হক,ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা নজরুল ইসলালসহ অন্যান্যদের,ঢাকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের প্রশাসন শাখার অসিফ সহকারী মোস্তাফিজুর রহমান এবং রাজশাহীর পুটিয়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আনিত দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
দুদক সূত্র জানায়,ঢাকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ইন্সপেক্টর খন্দকার সানাউল হকের বিরুদ্ধে গার্মেন্টস ফায়ার লাইসেন্স নবায়ন ও নতুনভাবে ইস্যু করার ক্ষেত্রে মালিকদের কাছ থেকে অর্থ দাবি করা এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
দুদকের উপ-পরিচালক সেলিনা আখতারকে এ অভিযোগ অনুসন্ধানকারী কর্মকর্তা এবং পরিচালক (অনু: ও তদন্ত-১) মো. আবু তোরাবকে এর তদারককারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা নজরুল ইসলালসহ অন্যান্যদের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে এল এ কেসের ক্ষতিপূরণের দুই লাখ ২৪ হাজার ৯৫ টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
দুদকের উপ-পরিচালক আবদুছ ছাত্তার সরকারকে অনুসন্ধাকারী কর্মকর্তা ও পরিচালক (অনু: ও তদন্ত-১) মো. আবু তোরাবকে এর তদারককারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।
সূত্র আরও জানায়,ঢাকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের প্রশাসন শাখার অফিস সহকারী মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য,শিক্ষকদের এমপিওভুক্তির তদবির করা,২০ শতাংশ কমিশনের মাধ্যমে ভুয়া নিবন্ধন করাসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
দুদকের উপ-সহকারী পরিচালক মো. আলতাফ হোসেনকে এ অভিযোগ অনুসন্ধানের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এবং উপ-পরিচালক বেনজীর আহম্মদকে এর তদারক কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া রাজশাহীর পুটিয়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অবৈধভাবে কলেজের উপাধ্যক্ষ নিয়োগ দান করে এমপিওভুক্তির জন্য মাউশিতে আবেদন দাখিলের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ জন্য দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালককে এ অনুসন্ধান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
[b]ঢাকা,জেইউ,৬ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]