[b]কুয়ালালামপুর[/b]: মালয়েশিয়ার সরকার জানিয়েছে তারা সেদেশে কর্মরত প্রায় ২৫ লাখ বিদেশি শ্রমিকের জন্য অত্যাধুনিক প্রযুক্তির পরিচয়পত্র চালু করবে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী জাহিদ হামিদী জানান অবৈধ অভিবাসী শ্রমিকদের চিহ্নিত করার লক্ষ্যেই এই পরিচয়পত্র চালু করা হচ্ছে। বিদেশি শ্রমিকদের জন্য এই পরিচয়পত্রটির নাম দেয়া হয়েছে ‘আই ক্যাড’। এটিতে সংযুক্ত চিপে একজন শ্রমিকের বায়োমেট্রিক তথ্য, আঙ্গুলের ছাপ এবং মালয়েশিয়ার কোন সেক্টরে কতদিন ধরে তারা কাজ করছেন সমস্ত তথ্য সংগৃহীত থাকবে।
কার্ডটির বার কোড স্ক্যান করেই কর্মকর্তারা মূহুর্তেই পেয়ে যাবেন একজন অভিবাসী শ্রমিকের সমস্ত তথ্য।
স্বরাষ্ট্র মন্ত্রী জাহিদ হামিদী বলেন, কার্ডটি জালিয়াতি করা খুবই কঠিন হবে। এ বছরের শেষ নাগাদ সকল বিদেশি কর্মীকে এই কার্ডের আওতায় আনা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি।
তিনি আরো জানান, চলতি মাসের ২১ তারিখ থেকে মালয়েশিয়ায় অবৈধ বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে অভিযান শুরু হবে।