চট্টগ্রাম বন্দরে দায়িত্বরত নিরাপত্তা পরিদর্শকের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এসময় বন্দরের নিরাপত্তা কর্মীরা হামলায় নেতৃত্বদানকারী ছাত্রলীগ নেতা মেজবাহ উদ্দিন মোরশেদকে আটক করেছেন।
রোববার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম বন্দরের চার নম্বর প্রবেশপথ দিয়ে রোববার দুপুর আড়াইটার দিকে মো.রফিক নামে এক গাড়িচালক প্রবেশ করার চেষ্টা করেন। এসময় দায়িত্বরত নিরাপত্তা পরিদর্শক মাহবুবুর রহমান তার কাছে অনুমতি পত্র দেখতে চান। রফিক অনুমতি পত্র দেখাতে অপারগতা প্রকাশ করে ওই কর্মকর্তাকে হুমকিধমকি দেন।
পরে রফিক টেলিফোনে মেজবাহ উদ্দিন মোরশেদের সঙ্গে যোগাযোগ করে। খবর পেয়ে মোরশেদ তার ৭-৮ জন অনুসারী নিয়ে ঘটনাস্থলে আসেন। সেখানে নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে বাকবিতন্ডার এক পর্যায়ে তাকে লাঞ্চিত করেন এবং সবাই মিলে তার উপর হামলা চালান।
এসময় বন্দরের নিরাপত্তা কর্মীদের কয়েকজন জড়ো হয়ে মোরশেদকে আটক করেন। ‍বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
চট্টগ্রাম বন্দরের পরিচালক (নিরাপত্তা) লে.কর্ণেল মোয়াজ্জেম হোসেন  জানান, বন্দরের প্রবেশপথে নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে দুর্ব্যবহার ও অসৌজন্যমূলক আচরণ করায় মেজবাহ উদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে। তাকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
[b]ঢাকা, ২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]