গাজীপুরে হোটেল ব্যবসায়ী শ্বশুর-জামাইকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।জানা গেছে মরা মুরগি বিক্রির দায়ে এ কারাদণ্ড দেয়া হয়।
রোববার রাতে এ দণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার হাসান আলীর ছেলে কাশেম আলী (৫০) ও তার জামাই নওগাঁ জেলার রানীনগর এলাকার আবু রেজা (২৮)।
রাত ৮টার দিকে জনৈক মারুফ মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার সুরমা হোটেলে মুরগির গ্রিল খাওয়ার সময় পচা গন্ধ পান এবং বমি করে দেন বলে জানান জয়দেবপুর থানার এসআই  জহিরুল ইসলাম।
এ নিয়ে হোটেলে হট্টগোল শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে সাতটি মরা ও পচা মুরগি জব্দ করেছে। এ সময় হোটেল ব্যবসায়ী কাশেম আলী ও আবু রেজাকে আটক করা হয়।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আরেফিন তাদের ৩ মাসের কারাদণ্ড সঙ্গে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডের আদেশ দেন।
গাজীপুর,১৭মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ