[b]দামেস্ক:[/b] সিরিয়া থেকে রাসায়নিক অস্ত্র সরিয়ে নেবার সবচাইতে গুরুত্বপূর্ণ পর্বটি এখন চলছে।
আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী বেঁধে দেয়া সময়সীমা শেষ হবারও এক সপ্তাহ পরে সিরিয়া থেকে বিষাক্ত রাসায়নিকের প্রথম চালানটি বেরিয়ে যাচ্ছে।
জাতিসংঘের সঙ্গে যৌথভাবে কাজ করা রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা বা ওপিসিডাব্লিউ বলছে, সিরিয়ার লাটাকিয়া বন্দর থেকে বিষাক্ত রাসায়নিক দিয়ে একটি একটি ডেনিশ কার্গো জাহাজ বোঝাই করা হয়েছে যেটি পরবর্তীতে ইটালিতে যাবে বলে কথা রয়েছে।
ওপিসিডাব্লিউ বলছে, তাদের বিবেচনায় সর্বাধিক গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থ বোঝাই নয়টি কন্টেইনার সিরিয়ার লাটাকিয়া বন্দরে নিয়ে আসা হয়।
দিনের প্রথমভাগে সেখানে অবস্থানরত একটি ডেনমার্কের কার্গো জাহাজে কন্টেইনারগুলো তোলা হয়।
এ কাজে কয়েক ঘণ্টা সময় ব্যয় হয়।
এরপরই রাশিয়া ও চীনের যুদ্ধজাহাজের পাহারায় কার্গো জাহাজটি বন্দর ছেড়ে যায় এবং আন্তর্জাতিক জলসীমায় গিয়ে অবস্থান নেয়।
রাসায়নিকের পরবর্তী চালান বোঝাই হবার জন্য তৈরি হওয়া পর্যন্ত জাহাজটি সেখানেই অবস্থান করবে।
এভাবে ১৩শ টনের পুরো রাসায়নিক অস্ত্র বোঝাই হবার পরই জাহাজটি চূড়ান্ত যাত্রা করবে ইটালির উদ্দেশ্যে।
সেখান থেকে সবচাইতে ঝুঁকিপূর্ণ রাসায়নিকগুলো একটি আমেরিকান জাহাজে তুলে দেয়া হবে যেখানে এ ধরনের রাসায়নিক নিষ্ক্রিয় করবার যন্ত্রপাতি রয়েছে।
এমভি কেপ রে নামে আমেরিকান জাহাজটি এখনও পুরোপুরি প্রস্তুত হয়নি।প্রস্তুতি শেষ হলেই এটি ভার্জিনিয়ার নরভোক বন্দর থেকে ইটালির উদ্দেশ্যে রওয়ানা দেবার কথা। সূত্র: বিবিসি