[b]বাঙ্গুই: [/b]মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র (সিএআর) থেকে সোমবার পাঁচ শতাধিক মুসলিম পালিয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। দেশটির খ্রিস্টান মিলিশিয়া বাহিনী বালাকা'র হুমকির মুখে তারা দেশ ছাড়তে বাধ্য হন বলে জানিয়েছে ওয়ার্ল্ড বুলেটিন।
মালি বংশোদ্ভূত পাঁচ শতাধিক মুসলিম কোথায় আশ্রয় নিয়েছেন তা অবশ্য জানা যায়নি। এ নিয়ে এখনো পর্যন্ত তিন লাখ ৭০ হাজার লোক রাজধানী বাঙ্গুই ছেড়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন।
প্রসঙ্গত, দেশটিতে আফ্রিকার বিভিন্ন দেশ যেমন সেনেগাল, চাদ, ক্যামেরুন ও নাইজেরিয়ার মুসলিমরা বাস করে আসছিলেন। তাদের সবাই এখন মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ছেড়ে পার্শ্ববর্তী দেশের শরণার্থী শিবিরগুলোতে আশ্রয় নিয়েছেন।
গত বছরের মার্চে খ্রিস্টান অধ্যুষিত দেশটির ক্ষমতা দখল করে নেন সংখ্যালঘু মুসলিমরা। এরপর থেকেই মুসলমানদের উপর অত্যাচার-নির্যাতন শুরু করে খ্রিস্টানরা। খ্রিস্টানরা বিভিন্ন মিলিশিয়া বাহিনী গঠন করে মুসলমানদের উপর অত্যাচার চালানো শুরু করে। তাদের অত্যাচার ও হত্যাযজ্ঞ থেকে বাঁচতে এ পর্যন্ত এ পর্যন্ত অন্তত নয় লাখ ৩৫ হাজার লোক দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তারা মোট জনসংখ্যার পাঁচ শতাংশ।
দেশটিতে জাতিগত সংঘাত চলাকালীন সময়ে সাবেক উপনিবেশিক শাসক ফ্রান্স সেনা পাঠায়। কিন্তু মুসলমানরা অভিযোগ করছেন যে, ফ্রান্স বাহিনী তাদের বিরুদ্ধে খ্রিস্টান মিলিশিয়া 'বালাকা'কে উস্কে দিচ্ছে। সূত্র: ওয়ার্ল্ড বুলেটিন