ঢাকা-৯ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাংসদ সাবের হোসেন চৌধুরী শপথ নিয়েছেন। আজ বুধবার সকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান।
বিদেশে থাকার কারণে তিনি আগে শপথ নিতে পারেননি।আজ সাবের হোসেন চৌধুরীর শপথের মাধ্যমে দশম সংসদের ২৮৯ জন সাংসদ শপথ নিলেন।
দশম জাতীয় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সাবের হোসেন চৌধুরী। নির্বাচনের পর ৮ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ২৯০ আসনের নির্বাচিত সাংসদদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।এর মধ্যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দুটি আসনে বিজয়ী হওয়ায় রংপুর-৩ আসনটি ছেড়ে দেন।
৯ জানুয়ারি আওয়ামী লীগের ২২৬, জাতীয় পার্টির (জাপা) ৩১, ওয়ার্কার্স পার্টির ছয়, জাসদের চারজনসহ জাতীয় পার্টির (জেপি), বিএনএফ ও তরীকত ফেডারেশনের একজন করে এবং স্বতন্ত্র ১৪ জনসহ মোট ২৮৪ জন সাংসদ শপথ নেন।
জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ, নারায়ণগঞ্জ-৫ আসন থেকে নির্বাচিত জাপার সাংসদ নাসিম ওসমান, কিশোরগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাংসদ নাজমুল হাসান এবং চট্টগ্রাম-৮ আসন থেকে নির্বাচিত জাসদের সাংসদ মঈন উদ্দীন খান বাদল শপথ নেন ১১ জানুয়ারি শনিবার।