লাখো কণ্ঠে সোনার বাংলা কর্মসূচির মধ্য অংশ নিচ্ছে দুই লক্ষাধিক পোশাক শ্রমিক। তারা জাতীয় প্যারেড স্কয়ারে সরাসরি অংশ নিয়ে বিশ্ব রের্কডের কৃতিত্বে অংশীদার হবে।
সোমবার দুপুরে রাজধানীর বিজিএমইএ ভবনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির দ্বিতীয় সহ-সভাপতি এস এম মান্নান এ তথ্য জানান।
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নাম সংযোজনের জন্যে এখন এর প্রস্তুতি চলছে।
সংবাদ সম্মেলনে তিনি জানান, জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রতি ৫০ জন শ্রমিকের জন্য একজন করে ব্লক সুপারভাইজার মনোনয়ন দেওয়া হয়েছে। এ ধরনের ৪ হাজার ২৯০ জন সুপারভাইজারের নেতৃত্বে ২ লাখ ১৪ হাজার ৫৪২ জন শ্রমিক জাতীয় প্যারেড গ্রাউন্ডে অংশ নেবেন।  
তিনি বলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের যৌথ উদ্যোগে এ গণজমায়েতে ৪৩০টি কারখানার শ্রমিকরা কোনো ধরনের আর্থিক সুবিধা ছাড়াই ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ কর্মসূচিতে অংশ নিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস অর্জন করবেন। যেমনটি তারা ইতিপূর্বে বাংলাদেশকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিত করেছেন।
মান্নান আরো বলেন, শিল্পকলার ৭০ জন শিল্পী দিয়ে কয়েক দফায় শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এজন্য দুই দিনব্যাপী রোড শো চলছে। এছাড়া ২৬ মার্চ জাতীয় সংগীত গাইতে যারা দূরদূরান্ত থেকে আসবেন, তাদের জন্য গাড়ির ব্যবস্থা থাকবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে বিজিএমইএ সহসভাপতি শহিদুল্লাহ আজিম, রিয়াজ বিন মাহমুদ সুমন ও মহাসচিব এহসানুল ফাত্তাহসহ বিভিন্ন পোশাকশিল্প কারখানার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]