রাজশাহী মহানগরীর সিটি বাইপাস চারখুটার মোড় রেলক্রসিংয়ে মোটরসাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহত ব্যাংক কর্মকর্তার নাম হুমায়ূন কবির (৬৮)।
তিনি অগ্রণী ব্যাংক রাজশাহী সাহেব বাজার শাখার অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার ছিলেন। তার বাড়ি মহানগরীর রাজপাড়া থানার হড়গ্রাম মুন্সিপাড়া এলাকায়।
আজ সোমবার বেলা সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
রাজশাহী রেলওয়ে পুলিশের (জিআরপি) অফিসার ইন চার্জ (ওসি) সুনীল কুমার ঘোষ জানান,  বেলা সাড়ে ১০টার দিকে রাজশাহী রেল স্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ‘সিক্স ডাউন’ ট্রেনটি ছেড়ে যায়। চারখুটার মোড়ে অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় ওই ট্রেনের নিচে পড়ে ডান পা কাটা পড়ে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা হুমায়ন কবিরের। পরে স্থানীয়রা উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলেও সেখানেই মারা যান তিনি।
রাজপাড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) খান মোহাম্মদ এরফান জানান, লাশ বর্তমানে রামেক হাসপাতালের শবাগারে রয়েছে। দুপুরের মধ্যেই ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে থানায় একটি মামলা হবে বলেও জানান ওসি।
[b]ঢাকা, ১৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]