রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ রাঙামাটি সফরে যাচ্ছেন আজ বুধবার। সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেকের প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করবেন তিনি। মহামান্য রাষ্ট্রপতিকে বরণের সব আয়োজন ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
রাষ্ট্রপতি সকালে ঢাকার তেজগাঁও থেকে হেলিকপ্টারযোগে সাজেকের বিডিআর ক্যাম্পে অবতরণ করবেন। সেখানে প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন শেষে ক্যাম্পে মধ্যহ্নভোজনে অংশ নেবেন। মধ্যহ্ন ভোজন শেষে বান্দরবানের উদ্দেশে রওয়ানা দেবেন তিনি।
সফর উপলক্ষে সাজেক বিডিআর ক্যাম্পের কিছুদূর সামনে পুরাতন তোরণটি ভেঙ্গে কাঠ ও বাঁশের তৈরি দৃষ্টিনন্দন তোরণ নির্মাণ করা হয়েছে।
বিডিআর ক্যাম্প সূত্র জানায়, রাষ্ট্রপতিকে বরণ করতে ক্যাম্পসহ এলাকাটি যতদূর সৌন্দর্য বৃদ্ধি করা সম্ভব, ঠিক ততটুকুই তারা করার চেষ্টা করেছেন। বিশেষত সাজেকের সৌন্দর্য, পাহাড়ি জনগোষ্ঠীর জীবনধারা দেখা ও পর্যটন সম্ভাবনা দেখার জন্য তিনি সাজেক সফর করছেন বলে জানা যায়।  
ইতোমধ্যে সাজেক বিডিআর ক্যাম্পের সৌন্দর্য বৃদ্ধির কাজ সম্পন্ন করেছেন বিডিআর ও সেনা সদস্যরা। ক্যাম্পের পাশেই রুইলুই পাড়ার প্রত্যেকটি ঘরে লাল-সবুজ রঙয়ের প্রলেপ পড়েছে। দূর থেকে দেখলে মনে হয় যেন একেকটি জাতীয় পতাকা। রাস্তায় সংস্কার শেষে ফুটপাতগুলোতে টাইলস বিছানো হয়েছে। এলাকার সৌন্দর্য বৃদ্ধির জন্য সৌর বিদ্যুতের মাধ্যমে ল্যাম্পপোস্টেরও ব্যবস্থা করা হয়েছে। এলাকাটিকে সৌন্দর্যে ভরে তুলতে মারিশ্যা জোনের বেশকিছু সেনাসদস্যকে সাজেক ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।
ক্যাম্পের নিরাপত্তাকর্মীরা জানান, প্রস্তুতির কোনো অভাব রাখা হচ্ছে না।
এদিকে খাগড়াছড়ি রিজিয়ন সূত্র জানায়, প্রস্তুতি সম্পন্ন। নিরাপত্তার বিষয়ে এসএসএফ যে ধরনের নিরাপত্তা চেয়েছে সেভাবে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
জানা যায়, রাষ্ট্রপতি সাজেকের সৌন্দর্য্য অবলোকনসহ স্থানীয় হস্তশিল্প পরিদর্শন করবেন।
[b]ঢাকা, ১২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]