চাঁদপুরের ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ছাত্রের নাম সবুজ মিয়া (১৪) বলে জানা যায়।
শুক্রবার সকাল ১০টার দিকে স্থানীয় জনতা তার লাশ উদ্ধার করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ থানায় নিয়ে যায়।
নিহত সবুজ চাঁদপুর সদর উপজেলার কমলাপুর গ্রামের আলী হোসেনের ছেলে।  সে শহরের আক্কাছ আলী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। তারা বড় স্টেশন রেলওয়ে কলোনীর স্টাফ কোয়ার্টারে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে।
সবুজের পারিবারিক সূত্রে জানা যায়, সবুজ ও তার পাঁচ/ছয়জন বন্ধু বৃহস্পতিবার বিকেলে বড় স্টেশন এলাকার রকেট ঘাট দিয়ে ডাকাতিয়া নদীতে গোসল করতে যায়। সবুজ সাঁতার কাটতে কাটতে মাঝ নদীতে চলে যায়। এসময় চাঁদপুর-নারায়ণগঞ্জগামী যাত্রীবাহী লঞ্চ এমভি আল-ফালাহ ওই দিক দিয়ে যায়। এতে ঢেউয়ের আঘাতে সুবজ পানির নিচে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায় নি।
শুক্রবার সকালে সবুজের লাশ মাছঘাট এলাকায় ভেসে উঠলে স্থানীয় জনতা তার লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার তদন্ত এটিএম আরিছুল হক জানান, সবুজের পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
[b]ঢাকা, ২ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]