মালয়েশিয়া সরকার আটক অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে । আটক বাংলাদেশীদের কোনো জরিমানা দিতে না হলেও নিজ খরচে দেশে ফিরতে হবে।
গত মঙ্গলবার থেকে শুরু হওয়া মালয়েশিয়া সরকারের বিশেষ অভিযানে বিভিন্ন দেশের প্রায় ২ হাজার অবৈধ অভিবাসী গ্রেফতার হয়েছেন। অবৈধ অভিবাসী বিরোধী এ বিশেষ অভিযানে গত শনিবার পর্যন্ত ২৭৫ জন বাংলাদেশি আটক হন। তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাস।
এদিকে কুয়ালালমপুরে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মন্টু কুমার জানান, মালয়েশিয়ান সরকার আমাদের দূতাবাস অফিসে ভ্রমণ অনুমতিপত্র পাঠানো শুরু করেছে। আমরা অফিসিয়াল কাজ শুরু করেছি। আটকদের দেশে পাঠানো খুব শিগগিরই শুরু হবে। এক্ষেত্রে আটকদের কোনো জরিমানা দিতে হবে না। তবে অবৈধদের নিজ খরচে দেশে ফিরতে হবে।
অন্যদিকে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট পৌঁছে দেয়ার জন্য ঠিকাদার নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সভাপতিত্বে কমিটির বৈঠকে ঠিকাদার নিয়োগের প্রস্তাব অনুমোদন করা হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নুরুল করিম।
সভা শেষে তিনি জানান, বাংলাদেশি প্রতিষ্ঠান ডাটা-এজ-আইন-পিপল কনসোর্টিয়াম এ কাজ করবে। প্রতিটির জন্য ১৮ ডলার করে খরচ নিয়ে মালয়েশিয়ায় বসবাসরত ৬ লাখ বাংলাদেশীর এমআরপি পাসপোর্ট তাদের কর্মস্থলে হাতে হাতে পৌঁছে দেবে এ ঠিকাদার প্রতিষ্ঠান। ১৮ মাসের মধ্যে তাদের এ কাজ শেষ করতে হবে।
তাছাড়া আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নীতিমালা অনুযায়ী ২০১৫ সালের নভেম্বরের মধ্যে সব পাসপোর্ট এমআরপিতে রূপান্তর করার বাধ্যবাধকতা রয়েছে।
[b]ঢাকা, ৩০ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ[/b]
শ্রেণীহীন
মালয়েশিয়ায় আটকদের নিজ খরচে দেশে ফিরতে হবে
মালয়েশিয়া সরকার আটক অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে । আটক বাংলাদেশীদের কোনো জরিমানা দিতে না হলেও নিজ খরচে দেশে ফিরতে হবে।





