[b]নয়াদিল্লি:[/b] ভারতের যোগব্যায়াম গুরু বলে খ্যাত রামদেব বলেছেন, বিদেশের ব্যাঙ্কে সঞ্চিত কালো টাকা ফিরিয়ে আনার আশ্বাস দিলেই কেবল নরেন্দ্র মোদিকে সমর্থন জানাবেন তিনি।
এর আগে তিনি বিজেপি’র প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি’র উচ্ছসিত প্রশংসার পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে তার প্রতি সমর্থনের আশ্বাস দিয়েছেন। কিন্তু শুক্রবার রাতে মোদিকে সমর্থনের পেছনে বেশকিছু শর্ত জুড়ে দিয়েছেন। বলেছেন, ‘আমাদের বেশ কয়েকটি দাবি রয়েছে।
এর মধ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কালো টাকা দেশে ফিরিয়ে আনা। বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনার আশ্বাস দিলেই মোদিকে সমর্থন জানাবে তার দল ‘ভারত স্বভিমান মঞ্চ’। এই টাকা দেশে ফিরিয়ে আনা হলে গ্রামোন্নয়ন হবে।”
মোদিকে একজন 'সৎ ব্যক্তি' হিসেবে উল্লেখ করে রামদেব দাবি করেন, বিজেপিও চায় বিদেশে সঞ্চিত কালো টাকা ফিরিয়ে আনতে। এই বিষয়ে আগামী ৫ জানুয়ারি বিজেপি নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসবেন রামদেব। তিনি বলেছেন, ওই বৈঠকের আগেই তার শর্তগুলো পূরণ না হলে তিনি মোদিকে সমর্থন করবেন না। এটাই তার সাফ কথা। সূত্র: আইআরআইবি





