টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তাবলিগ জামায়াতের বিশ্ব সিম্মিলনের ৪৯তম আসর। আজ রোববার সকাল ৯টা ৫৪ মিনিটে মোনাজাত শুরু হয়ে শেষ হয় ১০টা ১৩ মিনিটে।
এর আগে সিদ্ধান্ত হয় মুসল্লিদের সুবিধার্থে বেলা সাড়ে ১১টার মধ্যেই শেষ করা হবে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত।
ভারতের মাওলানা জোবায়রুল হাসান মোনাজাত পরিচালনা করেন। আখেরি মোনাজাতে অংশ নিতে লাখ লাখ ধর্মপ্রাণ মানুষের ঢল নামে ইজতেমা ময়দানে।
মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। মুসল্লিরা কেঁদে কেঁদে আল্লাহর কাছে পাপ মোচনের জন্য প্রার্থনা করেন।
কিন্তু দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে পারেননি অনেক মুসল্লি। অনেকে রয়েছেন রাস্তায়। তড়িঘড়ি করে মোনাজাত শেষ করার অভিযোগ করেছেন অনেক মুসল্লি।
বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষ করে যাতে নিবিঘ্নে ফিরতে পারেন সেজন্য  বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আখাউড়া,কুমিল্লা,ময়মনসিংহসহ বিভিন্ন রুটে ২৯টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সব ট্রেন টঙ্গী স্টেশনে যাত্রাবিরতি করবে।
[b]ঢাকা, ২ ফেব্রুয়ারি (টাইমিউজবিডি.কম) // জেআই[/b]