চাঞ্চল্যকর উদীচী বোমা হামলা ও সাংবাদিক আর এম সাইফুল আলম মুকুল হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি সাইফুল ইসলামের (৩৮) গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকালে যশোর সদর উপজেলার মুড়ুলি রেলগেট এলাকার একটি পুকুর পাড় থেকে সাইফুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি যশোর শহরের শংকরপুর এলাকায়। বাবার নাম জেহের মোড়ল।
স্থানীয়রা জানান, মুড়ুলি রেলগেট এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বলেন, সাইফুল উদীচী বোমা হামলা ও সাংবাদিক এম আর সাইফুল আলম হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, স্থানীয় এক ব্যক্তির সঙ্গে সাইফুল চোরাচালানিসহ বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। ওই ব্যক্তির স্ত্রীর সঙ্গে সাইফুলের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। ধারণা করা হচ্ছে, ওই পরকীয়ার জেরে তিনি খুন হতে পারে।
[b]ঢাকা, ২২ ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]