প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে কোন প্রকল্প বাস্তবায়নে বিদেশী পরামর্শকের ওপর নির্ভরতা কমিয়ে আনতে হবে। এজন্য স্থানীয় প্রকৌশলীদের সমর্থন দরকার।
শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, বাংলাদেশ (আইইবি) প্রাঙ্গণে আইইবি’র ৫৫তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী সরকারের নেয়া পাবলিক প্রকল্পগুলো বাস্তবায়নে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-কে নিজস্ব সদস্য দ্বারা কয়েকটি পরামর্শক টিম গঠনের পরামর্শ দেন।
শেখ হাসিনা বলেন, ‘আমাদের অনেক মেধাবী ও যোগ্য জনশক্তি থাকা সত্ত্বেও বিদেশী পরামর্শকরা উন্নয়ন প্রকল্পগুলো থেকে বড় অংকের অর্থ নিয়ে যাচ্ছে’।
[img]http://www.timenewsbd.com/contents/public/201405/1399120075.jpg[/img]
এখন থেকে পাবলিক প্রকল্পগুলোতে যেন স্থানীয় পরার্মশকরা অগ্রাধিকার পায়  উল্লেখ করে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই’।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিদেশী পরার্মশক নিয়োগ দিয়ে আমাদের সরকার আর জনগণের অর্থের অপব্যবহার করতে চায় না। এ জন্য কেবল প্রয়োজন দেশীয় প্রকৌশলীদের আত্মবিশ্বাস ও নৈতিকতা’।
অনুষ্ঠানে আইইবি’র সভাপতি অধ্যাপক ড. প্রকৌশলী শামীমুজ্জামান বসুনিয়া ও সাধারণ সম্পদক প্রকৌশলী মিয়া মো: কাইয়ুম এবং আইইবি, ঢাকা কেন্দ্রের সভাপতি প্রকৌশলী মহসীন আলী ও সাধারণ সম্পাদক প্রকৌশলী শরিফুল ইসলাম শরীফ বক্তৃতা করেন।
অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ ও বুয়েটের সাবেক উপাচার্য প্রফেসর এমিরিটাস আবদুল মতিন পাটোয়ারীকে তার কর্মময় জীবনে অসামান্য অবদানের জন্য আইইবি স্বর্ণপদক প্রদান করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এ পদক পড়িয়ে দেন।
প্রধানমন্ত্রী ৫০ জন ইঞ্জিনিয়ারের হাতে এ্যাসোসিয়েশন মেম্বার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স (এএমআইই) ডিগ্রী পদক ও ৪২ জনের হাতে পেশাদার প্রকৌশলীর প্রিঞ্জ পদক প্রদানের ঘোষণা দেন।
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]